রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—পথচারী আশা আক্তার (২০), চা-দোকানি আলমগীর (৩৩) ও পথচারী সিয়াম (১৮)।
আহতদের ভাষ্য, ঘটনার সময় তারা ওই এলাকায় পথচারী ও স্থানীয় ব্যবসায়ী হিসেবে অবস্থান করছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



