জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। রোববার (৩০ আগস্ট) নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন রনজিনা পারভীন। মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।



