tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলডিজিটাল ব্যস্ততার যুগে হারাচ্ছে চিঠির ঐতিহ্য ও অনুভূতি

ডিজিটাল ব্যস্ততার যুগে হারাচ্ছে চিঠির ঐতিহ্য ও অনুভূতি

একসময় দূরত্ব পেরিয়ে মানুষের অনুভূতি পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি। প্রিয়জনের হাতের লেখা কয়েকটি শব্দ পাওয়ার অপেক্ষায় কেটে যেত দীর্ঘ সময়। ডাকপিয়নের হাতে আসা একটি খামেই যেন মিলত দূরদেশে থাকা আপনজনের ভালোবাসা, অভিমান, আনন্দ কিংবা অপেক্ষার খবর।

কিন্তু প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে ই-মেইল, মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম সেই দীর্ঘ অপেক্ষার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে। মুহূর্তেই পৌঁছে যাচ্ছে বার্তা, ছবি কিংবা অনুভূতি। তবুও হাতে লেখা চিঠির আবেগ, ব্যক্তিগত স্পর্শ ও আবেদন এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।

প্রতি বছর ১ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব চিঠি লেখা দিবস। ডিজিটাল যোগাযোগের এই সময়ে হাতে লেখা চিঠির ঐতিহ্য, গুরুত্ব ও আবেগ নতুন করে স্মরণ করিয়ে দেওয়াই দিবসটির অন্যতম উদ্দেশ্য। অস্ট্রেলীয় লেখক, শিল্পী ও আলোকচিত্রী রিচার্ড সিম্পকিন এ দিবসের প্রতিষ্ঠাতা।

১৯৯০-এর দশকের শেষ দিকে সিম্পকিন অস্ট্রেলিয়ার যেসব মানুষকে তিনি নিজের কাছে ‘লিজেন্ড’ মনে করতেন, তাঁদের উদ্দেশে হাতে লেখা চিঠি পাঠানো শুরু করেন। অনেকের কাছ থেকেই তিনি চিঠির উত্তর পান। এই অভিজ্ঞতা তাঁকে হাতে লেখা চিঠির আবেগ, ব্যক্তিগত স্পর্শ এবং বিশেষ মূল্য নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে তিনি বিশ্ব চিঠি লেখা দিবসের সূচনা করেন।

হাতে লেখা চিঠির গুরুত্ব শুধু তথ্য আদান-প্রদানে সীমাবদ্ধ নয়। একটি চিঠির প্রতিটি অক্ষরে যেন মিশে থাকে লেখকের ব্যক্তিত্ব ও অনুভূতির ছাপ। হাতের লেখা, শব্দের নির্বাচন, বাক্য গঠনের ধরন এবং মনের কথা প্রকাশের ভঙ্গি—সবকিছু মিলিয়ে প্রতিটি চিঠিই হয়ে ওঠে স্বতন্ত্র।

মুহূর্তের মধ্যে পাঠানো একটি ডিজিটাল বার্তা সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে। কিন্তু বহু বছর পর পুরোনো কোনো চিঠি হাতে নিলেও তা ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি, প্রিয় মানুষের মুখ কিংবা কোনো বিশেষ মুহূর্তের অনুভূতি। একটি চিঠি তাই শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়; অনেক সময় সেটিই হয়ে ওঠে একটি সময়ের স্মারক।

বিশ্ব চিঠি লেখা দিবস উপলক্ষে মানুষকে কিছু সময়ের জন্য ডিজিটাল পর্দা থেকে দূরে সরে কলম ও কাগজ হাতে নেওয়ার আহ্বান জানানো হয়। চিঠি লেখা যেতে পারে বাবা-মা, পুরোনো বন্ধু, প্রিয়জন কিংবা দীর্ঘদিন যোগাযোগহীন কোনো মানুষের কাছে। হয়তো সেই চিঠির উত্তর আসতে সময় লাগবে, কিন্তু অপেক্ষার সেই অনুভূতিটুকুও চিঠির সৌন্দর্যের অংশ।

প্রযুক্তিনির্ভর যোগাযোগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য গতি। বিপরীতে চিঠির সৌন্দর্য অনেকটাই তার ধীরগতির প্রক্রিয়ায়। একটি চিঠি লিখতে হলে মানুষকে নিজের অনুভূতি নিয়ে ভাবতে হয়, মনের কথাগুলো গুছিয়ে শব্দে প্রকাশ করতে হয় এবং লেখার জন্য সময় দিতে হয়।

এই ধীরতা মানুষকে নিজের অনুভূতির আরও কাছাকাছি নিয়ে আসে। আর এ কারণেই দ্রুতগতির ডিজিটাল যুগেও হাতে লেখা চিঠি সম্পর্ক, স্মৃতি ও আবেগ সংরক্ষণের এক অনন্য মাধ্যম হিসেবে টিকে আছে।