tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নাকচ করছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সাধারণত এ বিষয়ে এমন কিছু বলি না। তবে উত্তর হলো—হ্যাঁ। এর কোনো কারণ নেই। কী অযৌক্তিক প্রশ্ন!’

ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারা সামরিকভাবে পুরোপুরি পরাজিত। আর এখন আমি তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? কী অযৌক্তিক প্রশ্ন!’

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। এর আগে তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে বলেননি।

তবে সম্প্রতি এক পডকাস্টে ট্রাম্পের সাবেক সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্ট ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা নিরসন না হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, পডকাস্টার টাকার কার্লসনের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেন্ট বলেন, প্রচলিত সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হওয়ার পরও যদি ওয়াশিংটন তেহরানকে সম্পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য ধরে রাখে, তাহলে পারমাণবিক হামলার মতো পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কেন্টের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে এমন সম্ভাবনাকে একেবারে অসম্ভব মনে করা ঠিক হবে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসন সংঘাত থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল