tanaka
প্রচ্ছদরাজধানীচোখের চিকিৎসায় ঢাকায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

চোখের চিকিৎসায় ঢাকায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

প্রথম নিউজ২৪: চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন। হাসপাতালের পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীদের টানে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এই শিক্ষক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্বামী আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে বাসে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিলা। শুক্রবার ভোরে গাবতলী টার্মিনালে পৌঁছানোর পর তারা রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হঠাৎ রনজিলার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগটিতে চিকিৎসার খরচ, প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকায় তিনি সেটি শক্ত করে ধরে রাখেন।

একপর্যায়ে ছিনতাইকারীদের হেঁচকা টানে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন রনজিলা। পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। মুহূর্তেই রক্তাক্ত হয়ে যান।

আহত স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন স্বামী আব্দুল মতিন। পথচারীদের সহায়তায় দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, চোখের চিকিৎসার জন্যই রনজিলা ও তার স্বামী ঢাকায় এসেছিলেন। সংসদ ভবন এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার বোনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের টানে রনজিলা রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম আরও জানান, রনজিলা বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন। তার স্বামী ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় রনজিলার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

রনজিলার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া এই শিক্ষিকার এমন মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরাও।

গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিলা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারিতে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। পরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনের পর চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীদের নির্মমতার শিকার হয়ে তার জীবন থেমে গেল।