নাবিকদের চাঙ্গা করতে থাইল্যান্ডের পাতায়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন ও আরও দুটি জাহাজ। ২০০ দিনের বেশি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় এই বহরের প্রায় পাঁচ হাজার নাবিক মানসিকভাবে চাপের মুখে পড়েছেন। তাদের মনোবল বাড়াতেই পাতায়ার মতো বিখ্যাত পর্যটননগরীর দিকে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিংকন।
মার্কিন রণতরির আগমনে ব্যবসা-বাণিজ্যে গতি আসার আশা করছেন থাইল্যান্ডের ব্যবসায়ীরা। তবে একই সঙ্গে, শহরটির যৌন পর্যটনকেন্দ্রিক কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকন বুধবার (১ সেপ্টেম্বর) থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে ভেড়ার কথা রয়েছে। এর সঙ্গে আরও দুটি মার্কিন নৌযান থাকবে।
থাই কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন এই জাহাজগুলোতে রয়েছেন। তারা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটানোর পর বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য তীরে নামবেন।
বাড়তি টহলে পুলিশ
মার্কিন নৌসেনাদের আগমনের আগে পাতায়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রধান সমুদ্রসৈকত ও রাতের বিনোদনকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ টহল দেবে।
এর আগে সপ্তাহান্তে কয়েকটি অভিযানে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাতায়া পুলিশের প্রধান আনেক সরাথংইউ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তার মতে, কর্তৃপক্ষের অজ্ঞাতসারে প্রকাশ্য স্থানে যৌনকর্মীদের গ্রাহক সংগ্রহের আশঙ্কা থাকায় বিষয়টি সামলানো কঠিন।



