শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালসংলগ্ন গোয়াবাড়ী এলাকায় টিউশনি করান।
অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই
হাবিবুল্লাহ মেসবাহ জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) শিক্ষার্থীদের হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে।
পরে তাঁকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মুঠোফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
হাবিবুল্লাহ বলেন, টাকা ও মুঠোফোন নেওয়ার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় তিনি কিছুটা সামনে এগিয়ে স্থানীয় লোকজনের কাছে সাহায্য চান। পরে এলাকাবাসীর সহায়তায় তিনজনের মধ্যে একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলা প্রক্রিয়া
মামলার বিষয়ে হাবিবুল্লাহ মেসবাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে বাদী হয়ে মামলা করতে বলেছে। তবে এখনো মামলা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আটক একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
তিনি বলেন, শিক্ষার্থীর হাতে সামান্য আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে নিরাপদে আছেন।
সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, পুলিশ একজনকে আটক করে হেফাজতে নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



