বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।”
গত দুই দিন ধরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তসলিমা নাসরিন। শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি সাহিত্য অনুষ্ঠানে তিনি অংশ নেন। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকলেও আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রতিকৃতি তুলে দেন। এ সময় তিনি লেখিকার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত এবং এখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, “অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন গতকাল (৩১ জুলাই) এই বাংলায় এসেছেন এবং আজ একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে, নতুন সরকারের অধীনে এই বাংলায় গণতন্ত্র, সংবিধান, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে।”
তিনি আরও বলেন, “ধমক-চমক, দেখে নেব, আটকে দেব—এসব এখন অতীত।”
পরে তসলিমা নাসরিনের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “আমি এখানে আমন্ত্রিত নই। আপনি এসেছেন বলেই আপনাকে স্বাগত জানাতে এসেছি। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি একজন বিশিষ্ট লেখিকা, আপনার লেখার অসংখ্য পাঠক ও অনুরাগী রয়েছেন।”
তিনি আরও বলেন, “আপনি শুধু একবার নয়, বারবার পশ্চিমবঙ্গে আসবেন। নিরাপদ পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। পশ্চিমবঙ্গে শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, প্রশাসনিক ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।”



