রাজধানীতে এক দিনের ব্যবধানে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মিরপুর ১২ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও সহকারী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ওসি জালাল উদ্দিন বলেন, ‘মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা বলতে পারছি না।’
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বৈশাখী পরিবহনের বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর আগুনের শিকার হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।
এক দিনের ব্যবধানে রাজধানীর দুটি পৃথক স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা ও গণপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



