tanaka
প্রচ্ছদসারাদেশমসজিদ কমিটির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলার আসামি গ্রেফতার

মসজিদ কমিটির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গ্রেফতার ব্যক্তির নাম মো. নিরাশা আকন্দ (২৬)।

শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান অভিযুক্তরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল এসআরবি-১৩।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালায়। এ সময় নিরাশা আকন্দকে তার মামাশ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারের পর নিরাশা আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।