যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন দক্ষিণ ফ্লোরিডার মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন।শনিবার (৭ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পদত্যাগ করা অন্য দুই কর্মকর্তা হলেন বিচার বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান জন আইজেনবার্গ এবং সিভিল রাইটস ডিভিশনের প্রধান হারমিত ধিলন। আইজেনবার্গ শুক্রবার এবং ধিলন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের মুখে পদ ছাড়েন কুইনোনস। ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একাধিক তদন্ত পরিচালনা করলেও বড় কোনো মামলা এগিয়ে নিতে না পারায় তার ওপর অসন্তুষ্ট ছিলেন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের তদারকি ক্ষমতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে আইনি জবাবদিহি ও রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কুইনোনসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ব্লাঞ্চ বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিচার বিভাগের শূন্য পদগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ ও তাদের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সিনেটের রাজনৈতিক পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সূত্র: সিএনএন



