না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
রোববার (২৯ মার্চ) তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
জানা গেছে, ধারাবাহিকটির শুটিংয়ের জন্য দিঘার তালসারি সৈকতে পুরো টিম অবস্থান করছিল। শুটিং চলাকালীন এক পর্যায়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে টিমের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, তিনি বেশ কিছু সময় পানির নিচে ছিলেন। তবে ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
ধারাবাহিকে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কিছু শট দিতে থেকে গিয়েছিলেন। পরে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর আসে। তিনি বলেন, “এভাবে একজন সুস্থ মানুষ হঠাৎ চলে যাবেন, তা কল্পনাও করতে পারছি না।”
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে টলিউডে কাজ করে আসছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব সিরিজ—সব মাধ্যমেই ছিল তার সফল বিচরণ। বর্তমানে তাকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল, যেখানে তার সহশিল্পী শ্বেতা মিশ্রর সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়।
এছাড়াও তিনি ‘হরগৌরী পাইস হোটেল’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের ‘ঠাকুমার ঝুলি’ সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয়ও দর্শকদের নজর কাড়ে।
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান রাহুল। এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পরবর্তীতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, পরে সন্তান সহজকে ঘিরে আবারও একসঙ্গে থাকতে শুরু করেন তারা।
অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট শো-ও সঞ্চালনা করতেন রাহুল, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়।



