সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের দীর্ঘদিনের ভ্যাকেশন প্রথা বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের চাকরিকে নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে গণ্য করতে অর্থ বিভাগের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ভবিষ্যতে শিক্ষকরা আর দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি পাবেন না; বরং সাধারণ সরকারি কর্মচারীদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় থাকবেন।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, বর্তমানে সরকারি কলেজের শিক্ষকরা ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পরিবর্তনের বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার সুপারিশ করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে স্পষ্ট বিধান থাকায় এ বিধি সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও উল্লেখ করা হয়েছে।
মূলত দীর্ঘ ছুটি কমিয়ে শিক্ষকদের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আরও সম্পৃক্ত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি কলেজ বন্ধ থাকলে অতিরিক্ত ছুটির সুবিধাও ভোগ করে থাকেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় সরাসরি শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার বিষয়ে আপত্তি জানালেও বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্যান্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, গড় বেতনে অর্জিত ছুটিসহ বিভিন্ন সুবিধা বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।



