খুলনার দৌলতপুর এলাকায় রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি একসময় দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশেই ইট-বালুর ব্যবসা করতেন রাশু। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



