tanaka
প্রচ্ছদজাতীয়কোস্ট গার্ডের ‘জয়বাংলা’সহ পাঁচ জাহাজের নাম পরিবর্তন

কোস্ট গার্ডের ‘জয়বাংলা’সহ পাঁচ জাহাজের নাম পরিবর্তন

বাংলাদেশ কোস্ট গার্ডের ‘জয়বাংলা’সহ জাতীয় নেতাদের নামে নামকরণ করা পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিজিএস জয়বাংলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। এ ছাড়া বিসিজিএস সৈয়দ নজরুলের নতুন নাম বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্ট গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কোস্ট গার্ডের পক্ষ থেকে নতুন নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত নামগুলো অনুমোদনের বিষয়টি বৃহস্পতিবার চিঠির মাধ্যমে কোস্ট গার্ডকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নাম যেসব ব্যক্তির নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।