বলিউডে ইমরান হাশমি দীর্ঘদিন ধরেই ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত। ২০০৪ সালে ‘মার্ডার’ ছবির মাধ্যমে আলোচনায় আসার পর একের পর এক সিনেমায় সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে এই বিশেষ পরিচিতি পান তিনি। ‘মার্ডার’, ‘জান্নাত’, ‘আশিক বানায়া আপনে’ ও ‘রাজ থ্রি’র মতো সিনেমা তাকে দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। তবে পর্দার এই পরিচয়ের বাইরেও তার বিলাসবহুল জীবনযাপন ও বিপুল সম্পদের বিষয়টি প্রায়ই আলোচনায় আসে।
বর্তমানে ‘গানমাস্টার জি৯’ ছবির সুবাদে আবারও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমরান হাশমির আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা।
অভিনয়ই তার আয়ের প্রধান উৎস। বিভিন্ন সূত্রের দাবি, প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি সিনেমার লাভের অংশ থেকেও আয় করেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ পান তিনি। বিজ্ঞাপনের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুম্বাইয়ে ১৬ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট
মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় রয়েছে ইমরানের বিলাসবহুল ফ্ল্যাট। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। বাড়ির অন্দরসজ্জায় অতিরিক্ত জাঁকজমকের পরিবর্তে আধুনিক ও সাদামাটা নকশাকে প্রাধান্য দিয়েছেন অভিনেতা। হালকা রঙের ব্যবহার, কাঠের কাজ এবং খোলামেলা পরিবেশ বাড়িটির অন্যতম আকর্ষণ। এ ছাড়া রয়েছে ব্যক্তিগত জিম ও বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো একটি পাঠাগার।
গোয়ায় সমুদ্রের ধারে পেন্টহাউস
মুম্বাইয়ের পাশাপাশি গোয়াতেও সম্পত্তি রয়েছে ইমরানের। ২০১০ সালে সমুদ্রের ধারে চারতলা একটি বিলাসবহুল পেন্টহাউস কিনেছিলেন তিনি। সেখানে সুইমিংপুল, জিম ও ছাদবাগানের মতো নানা সুবিধা রয়েছে। কাজের ব্যস্ততা থেকে বিরতি পেলেই গোয়ায় সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেতা।
এ ছাড়া লোনাভলায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি ভিলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হিমাচল প্রদেশেও তার একটি বাড়ি রয়েছে বলে শোনা যায়। পাশাপাশি মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে তার।
গাড়ির সংগ্রহেও বিলাসিতার ছাপ
বিলাসবহুল গাড়ির প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে ইমরান হাশমির। তার গাড়ির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ-মেবাখ এস৫৬০, অডি এ৮ এল এবং রেঞ্জ রোভার ভোগ। এর মধ্যে ল্যাম্বরগিনি হুরাকানের দাম প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে। সব মিলিয়ে তার গাড়ির সংগ্রহের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকার বেশি হতে পারে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’। ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। ছবির রোমান্টিক দৃশ্যে দুজনের রসায়নও দর্শকদের নজর কেড়েছে।



