tanaka
প্রচ্ছদজাতীয়সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

ঢাকার অপরাধজগতের পরিচিত মুখ শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-এর গ্রেফতারের খবর প্রকাশ করেছে সুইডেনের জনপ্রিয় পত্রিকা ‘আফটনব্লাডেট’। শনিবার (২৮ নভেম্বর) পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে ৬৪ বছর বয়সি আসলামের অপরাধের অতীত, জেলজীবন ও সাম্প্রতিক আটকের গল্প তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। প্রায় এক মাস নজরদারির পর তাকে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আশির দশকে ঢাকার অপরাধজগতে উঠে আসা আসলামের বিরুদ্ধে ৯টি খুনসহ মোট ২২টি মামলা রয়েছে। ১৯৯৭ সালে গ্রেফতারের পর টানা ২৭ বছর জেল খেটে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

আসলামের প্রথম স্ত্রী সুইডেনে থাকতেন এবং তিনি নিজেও সেখানে কয়েক বছর কাটিয়েছিলেন। সেই সূত্রেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তবে এবার তাকে ধরা হয়েছে গত ২৮ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন খুনের মামলায়। পুলিশের ধারণা, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন খুন হন। জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, ১৮৩০ সালে প্রতিষ্ঠিত ‘আফটনব্লাডেট’ সুইডেনের অন্যতম পুরোনো ও বহুল পঠিত একটি সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের নানা খবর ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে থাকে।