বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হওয়া বেশ পরিচিত একটি সমস্যা। এ সময় হরমোনের পরিবর্তনের কারণে ত্বকে তেল নিঃসরণ বেড়ে যায়। ফলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ দেখা দিতে পারে। তবে সব ব্রণের কারণ যে কেবল হরমোনের পরিবর্তন, তা নয়। কখনো কখনো নির্দিষ্ট কিছু খাবার সহ্য না হওয়ার কারণেও শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কৈশোরের অভিজ্ঞতা বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ত্বকের সমস্যার কথা তুলে ধরেন তামান্না। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, মাত্র ১৫ বছর বয়স থেকেই তার মুখে ব্রণ দেখা দিতে শুরু করে। মুখে হাত দিলেই ব্যথা অনুভব করতেন তিনি। এমনকি কখনো নাক, আবার কখনো চোয়ালের আকৃতিও বদলে যাচ্ছে বলে মনে হতো। শুরুতে তিনি এসব সমস্যাকে বয়ঃসন্ধিকালের স্বাভাবিক হরমোনজনিত পরিবর্তন বলে মনে করেছিলেন।
সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাও করিয়েছিলেন। কিন্তু তাতে পুরোপুরি সুস্থতা মেলেনি। পরে জানতে পারেন, গ্লুটেন ও দুগ্ধজাত খাবার তার শরীরে সহনীয় নয়। এসব খাবারের সঙ্গে ত্বকের সমস্যার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করেন তিনি। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পর শরীরের প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করেন।
গ্লুটেন অসহিষ্ণুতা কেন হয়?
গম, বার্লি ও রাইয়ের মতো শস্যে প্রাকৃতিকভাবে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, যার নাম গ্লুটেন। রুটি, পাউরুটি, পাস্তা, বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাবারে এই উপাদান থাকে। আটা বা ময়দার সঙ্গে পানি মেশালে যে আঠালো ভাব তৈরি হয়, তার পেছনেও গ্লুটেনের ভূমিকা রয়েছে।
কিছু মানুষের শরীর গ্লুটেন ঠিকভাবে সহ্য করতে পারে না। এ ধরনের সমস্যায় পেটব্যথা, পেটফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে ত্বকে র্যাশ বা চুলকানিও হতে পারে।
দুধে সমস্যা হয় কেন?
দুধে প্রাকৃতিকভাবে ল্যাকটোজ নামের এক ধরনের শর্করা থাকে। ক্ষুদ্রান্ত্রে উৎপন্ন ল্যাকটেজ নামের এনজাইম এই শর্করা হজমে সহায়তা করে। শরীরে পর্যাপ্ত ল্যাকটেজ তৈরি না হলে ল্যাকটোজ ঠিকভাবে হজম হয় না। এই অবস্থাকে বলা হয় ‘ল্যাকটোজ ইনটলারেন্স’।
এ ছাড়া দুধ খাওয়ার ফলে কারও কারও শরীরে ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১ (আইজিএফ-১) নামের হরমোনের কার্যকলাপে প্রভাব পড়তে পারে। এই উপাদান ত্বকে তেল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ত্বকে অতিরিক্ত তেল জমে রোমকূপ বন্ধ হয়ে গেলে ব্রণ হওয়ার প্রবণতা বাড়তে পারে।
ব্রণ হলেই খাবার বাদ দেওয়া উচিত নয়
গ্লুটেন বা দুধ সহ্য না হলেই যে প্রত্যেকের ত্বকে সমস্যা দেখা দেবে, এমন কোনো নিশ্চয়তা নেই। একইভাবে মুখে ব্রণ হলেই তার কারণ গ্লুটেন বা দুগ্ধজাত খাবার—এমন সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক নয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, ব্রণের সমস্যা দেখা দিলে নিজে থেকে খাবার বাদ না দিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করে চিকিৎসা নেওয়াই সবচেয়ে ভালো।



