tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমিয়ানমারের স্কুলে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের স্কুলে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা। এতে এক শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং বিদ্রোহী যোদ্ধাও রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ম্যাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এনইউজি এবং বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তর্বর্তী ম্যাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে হামলার বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলায় ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, বিমান হামলা ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী বাহিনীর নয়জন যোদ্ধা নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ওই এলাকায় কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন। তবে সেখানে তখন কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, সামরিক বাহিনীর সমর্থক বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্তব্য জানতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি।

এনইউজির সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় মোট ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

যৌথ বিবৃতিতে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ এ হামলাকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তাদের দাবি, স্কুল ও ধর্মীয় স্থাপনায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য হামলার আলামত ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

একই সঙ্গে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে বিমান জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ে এবং দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।