tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘চল্লিশ পেরোলেই মানুষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন’, বয়স নিয়ে মজার মন্তব্য জয়

‘চল্লিশ পেরোলেই মানুষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন’, বয়স নিয়ে মজার মন্তব্য জয়

বয়স বাড়ার সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও স্বভাব পরিবর্তনের সম্ভাবনা কতটা কমে যায়, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে তুলনা টেনে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের জীবনবোধ তুলে ধরেছেন তিনি। সেখানে চল্লিশোর্ধ্ব মানুষকে প্রায় ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন’ বলে আখ্যা দিয়েছেন এই অভিনেতা।

পোস্টে জয় লিখেছেন, ৩০ থেকে ৩৫ বছরের কম বয়সীদের নিয়েই মূলত আশা করা যায়, তাদের ওপর রাগ করা যায় কিংবা তাদের আচরণে কষ্ট পাওয়ার সুযোগ থাকে। কারণ, এই বয়সে মানুষের নিজেকে পরিবর্তন করার সম্ভাবনা এখনো রয়েছে। কাউকে বোঝালে তারা বুঝতে পারে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় এবং প্রয়োজনে নিজেদের বদলেও ফেলতে পারে।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমাদের আশেপাশে ত্রিশ পঁয়ত্রিশ বছরের নিচে যারা, শুধু তাদের ওপরেই আশা করা যায়, রাগ করা যায়, দুঃখ পাওয়া যায়। কারণ তাদের মধ্যে এখনো পরিবর্তনের একটা সম্ভাবনা আছে। বোঝালে বুঝবে, ঠেকে শিখবে, হয়তো বদলাবেও।’

তবে ৩৫ বছর পেরিয়ে গেলে মানুষের পরিবর্তনের আশা করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন জয়। তার ভাষায়, এ বয়সের পর কারও বোধোদয়ের অপেক্ষা করা অনেকটা পাথরে ফুল ফোটানোর মতো। তাই এমন মানুষের ওপর রাগ বা অভিমান না করে তাদের স্বভাবকে মেনে নেওয়াই ভালো।

চল্লিশোর্ধ্বদের প্রসঙ্গে আরও মজার মন্তব্য করেছেন তিনি। জয়ের মতে, এই বয়সে পৌঁছানো মানুষ এতটাই অপরিবর্তনীয় হয়ে ওঠেন যে তাদের নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। বরং তারা প্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো।

নিজের পোস্টে তিনি লেখেন, ‘আর চল্লিশের ওপরে? ও বাবা! চল্লিশের ওপরের কারো ব্যাপারে তো বলাই উচিত না। তারা এতটাই অপরিবর্তনীয়, প্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন।’

তবে পুরো বক্তব্যের শেষে নিজের বয়সের কথাও মনে করিয়ে দিয়েছেন জয়। রসিকতা করে লিখেছেন, ‘এই লেখাটা যিনি লিখেছেন তিনিও চল্লিশের উপরে’।

সামাজিক মাধ্যমে বরাবরই স্পষ্ট বক্তব্য ও ব্যতিক্রমী মন্তব্যের কারণে আলোচনায় থাকেন শাহরিয়ার নাজিম জয়। বয়স বাড়ার সঙ্গে মানুষের পরিবর্তন নিয়ে তার এই মজার পর্যবেক্ষণও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।