যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) অনুভূত এ ভূমিকম্পে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকার ঘরবাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরেও। রানওয়েতে ফাটল সৃষ্টির আশঙ্কায় অবতরণের ঠিক আগমুহূর্তে ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছের শহর ম্যানহাটন বিচের উপকূলীয় এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়।
ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া একটি তেল শোধনাগারে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ার পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।
ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
বিভাগটি সতর্ক করে বলেছে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই সম্ভাব্য পরবর্তী কম্পন ও পরাঘাত মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ভূমিকম্পের কারণে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানকে অবতরণ বাতিল করতে হয়। বিমানটি রানওয়েতে নামার ঠিক আগমুহূর্তে ভূমিকম্প অনুভূত হলে পাইলটকে অবতরণ না করার নির্দেশ দেওয়া হয়। রানওয়েতে কোনো ফাটল বা কাঠামোগত ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আগপর্যন্ত অবতরণ স্থগিত রাখা হয়। এ ঘটনার ভিডিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, বিমানটির অবতরণ বাতিলের সিদ্ধান্ত যথাযথ ছিল। কারণ, রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত সেখানে কোনো ফাটল সৃষ্টি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।
এদিকে ভূমিকম্পের পরবর্তী একটি কম্পনে বিমানবন্দরের একটি টার্মিনালের সাদা ছাদের প্যানেল খুলে নিচে পড়ে যায়। একই টার্মিনালের কয়েকটি জানালাও ভেঙে যায়।
তথ্যসূত্র: গালফ নিউজ



