tanaka
প্রচ্ছদজাতীয়তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ডরিনের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে সড়কে অজ্ঞাতনামা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।