বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। শুধু তাই নয়, একই মামলায় দুজনের নাম দুবার উল্লেখ করা হয়েছে। আসামির তালিকায় রয়েছে নাবালকের নামও।
মামলার ১০৯ নম্বর আসামি এসএম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। তিনি মুরইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।
গত বুধবার রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। এতে ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে।
মামলার আসামি গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মামলা রেকর্ড হওয়ার পর যাচাই-বাছাই করে আমরা জানতে পেরেছি, এসএম গোলাম কিবরিয়া মারা গেছেন। আমরা তার মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতকে অবহিত করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক আত্মীয় বলেন, ‘আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। তার মৃত্যুর পর ইউনিয়নজুড়ে মাইকিংও হয়েছিল। এরপরও আজ তাকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আমরা অবাক হয়েছি।’
উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাসহ মোট ৩০৫ জনকে আসামি করা হয়েছে।



