tanaka
প্রচ্ছদসারাদেশস্টুডিওতে হামলা নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার দাবি, ভবনের মালিককে লক্ষ্য করে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই হামলা হয়েছে এবং এতে তার স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে হামলার সময় সালমান রাজধানীতে ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন তিনি। রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিও ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামলার কারণ প্রসঙ্গে সালমান বলেন, পুলিশ ও আশপাশের লোকজনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, চাঁদা না দেওয়ার কারণে হামলা চালানো হয়েছে। তবে তার কাছে ব্যক্তিগতভাবে কোনো চাঁদা চাওয়া হয়নি বলেও জানান তিনি।

সালমানের ভাষ্য, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল ভবনটির মালিক। তার ধারণা, হামলাকারীরা হয়তো জানতেন না যে ওই ভবনে তার স্টুডিও রয়েছে। ফলে ঘটনার মধ্যে তিনি অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছেন।

ঘটনার পর দেশের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, শুরুতে বিষয়টিকে নিজের প্রতি শত্রুতা মনে হলেও পরে বুঝতে পেরেছেন, হামলাটি শুধু তার স্টুডিওকে ঘিরে নয়; পুরো প্রকল্পকেই লক্ষ্য করা হয়েছিল। এমন ঘটনা এই সময়ে ঘটবে বলে তিনি আশা করেননি বলেও জানান।

মামলা বা আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সালমান বলেন, আইনের বিষয়ে তার কোনো বিশ্বাস নেই। এ ঘটনায় আপাতত তিনি আইনি পদক্ষেপ নিতে চান না বলেও জানান তিনি।

স্টুডিওতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেননি সালমান। তিনি জানান, সেখানে নিয়মিত শুটিং হয় এবং অনেক মানুষের কাজের সঙ্গে স্টুডিওটি জড়িত। ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরবর্তী করণীয় ঠিক করতে আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

তবে হামলার কারণে কাজ থামিয়ে দেবেন না বলে স্পষ্ট করেছেন সালমান। তার বক্তব্য, দেশে থাকুন কিংবা বিদেশে, নিজের কার্যক্রম চালিয়ে যাবেন। বাংলাদেশে তার স্টুডিওর মতো এমন স্থাপনা আর নেই এবং এফডিসিতেও এ ধরনের সুবিধা নেই বলে দাবি করেন তিনি।