tanaka
প্রচ্ছদসারাদেশকুড়িগ্রামে শিলাবৃষ্টির আঘাত, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে শিলাবৃষ্টির আঘাত, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মৌসুমের শেষ পর্যায়ে এসে কুড়িগ্রামে শিলাবৃষ্টির কারণে আমন ধানের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠের কোথাও ধান পাকতে শুরু করেছে, আবার কোথাও বেরিয়েছে শিষ। ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের জন্য রাতের আকস্মিক বৃষ্টি ও শিলাপাত নতুন উদ্বেগ তৈরি করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পচন ঠেকাতে অপরিপক্ব ধানও কেটে নিতে বাধ্য হচ্ছেন চাষিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ বৃষ্টি ও শিলাপাত শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে চলে শিলাবৃষ্টি। এতে মাঠে থাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম জানান, রাতের আকস্মিক শিলাবৃষ্টিতে জমির উঠতি আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। শিলার আঘাতে ফসলের কতটা ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

একই এলাকার আরেক কৃষক সামছুল হকের কয়েক বিঘা জমির ধানও পাকতে শুরু করেছে। তিনি বলেন, ধান পাকার গুরুত্বপূর্ণ সময়ে শিলাবৃষ্টি হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। আবাদ করতে বিপুল অর্থ ব্যয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, এমন দুর্যোগের মুখে পড়লে কৃষকদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

জেলার কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামেও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে। ওই গ্রামের কৃষক রবিউল ইসলামের ১৫ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল পচে নষ্ট হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন তিনি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় মোট ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে মঙ্গলবার রাতের শিলাবৃষ্টিতে জেলার কতটুকু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে মাঠপর্যায়ের কোনো প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র মঙ্গলবার রাতের শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও ঝড় হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।