tanaka
প্রচ্ছদসারাদেশইবিতে আটক প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় ছাড়ল প্রশাসন, বিয়ে হয়নি

ইবিতে আটক প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় ছাড়ল প্রশাসন, বিয়ে হয়নি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক সেই শিক্ষার্থী প্রেমিক যুগলকে বিয়ে না দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের সঙ্গে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি এবং কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসসংলগ্ন কাঁঠালবাগান থেকে স্থানীয়রা ওই দুই শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়ার একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা জানা যায়।

তবে শনিবার উভয় পরিবারের সঙ্গে আলোচনা শেষে প্রশাসন আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে মুচলেকা নিয়ে দুই শিক্ষার্থীকে নিজ নিজ পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুই পরিবারের সঙ্গে আলোচনার পর দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, ছেলে ও মেয়েকে পরিবারের জিম্মায় দেওয়া। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।