tanaka
প্রচ্ছদসারাদেশসিলেট সীমান্তে অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেট সীমান্তে অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জৈন্তাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ, শাড়ি, কসমেটিকসসহ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড গুলি এবং ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংকস ও মসলা জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছও আটক করে বিজিবি।

জব্দ করা এসব পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বালুর নিচে লুকানো ছিল ৪ হাজার শাড়ি

অন্যদিকে, বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলার পাঁচ সেউতী গ্রামের সিদ্দেক আলীর ছেলে আলালকে (৩৫) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি ও পুলিশ কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।