tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন জিম ক্যারি

৩২ বছরের ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন জিম ক্যারি

দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে গোপনে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। ৬৪ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর। লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জিম ক্যারির এক মুখপাত্র তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছোট পরিসরের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন জিম ক্যারি ও মিন আহ। তবে বিয়ের অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন এই জুটি। শুরু থেকেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন তারা। চলতি বছরের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। সেখানে মিন আহকে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দেন জিম ক্যারি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে নিজের পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনকে ধন্যবাদ জানান ক্যারি। পরে মিন আহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ বলে উল্লেখ করেন তিনি। একপর্যায়ে তাকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, মিন আহ।’

বক্তব্যে নিজের প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারিকেও স্মরণ করেন এই অভিনেতা। বাবার কাছ থেকেই ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান তিনি।

এর আগে দুবার বিয়ে

জিম ক্যারির ব্যক্তিজীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। ১৯৯৫ সালে বিচ্ছেদ হয় তাদের।

এর পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন ক্যারি। তবে সেই সংসারও টেকেনি; এক বছর পরই তাদের বিচ্ছেদ হয়।

এ ছাড়া জেনি ম্যাকার্থি, রেনে জেলওয়েগার, লিন্ডা রনস্টাড ও জানুয়ারি জোনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা।

অভিনয়ে দীর্ঘ সাফল্যের ক্যারি

অভিনয়ের পাশাপাশি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও ক্যারিয়ার শুরু করেন জিম ক্যারি। টেলিভিশন অনুষ্ঠান ‘ইন লিভিং কালার’-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯৪ সালে ‘এস ভেনচুরা: পেট ডিটেকটিভ’, ‘দ্য মাস্ক’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমায় টানা সাফল্য পান তিনি।

পরবর্তী সময়ে ‘দ্য ট্রুম্যান শো’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘ম্যান অন দ্য মুন’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ান ক্যারি। ‘ম্যান অন দ্য মুন’ ও ‘দ্য ট্রুম্যান শো’-এর জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছেন তিনি।

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত ৫১তম সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র: মিড ডে