tanaka
প্রচ্ছদরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট সরাসরি খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট সরাসরি খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন।

রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে সোমবার রিটটির ওপর আদেশ দেওয়ার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন আদালত।

গত বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন করা হয়।

রিটকারী আইনজীবীর যুক্তি, ৭০ অনুচ্ছেদের কারণে কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। এতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয় বলে দাবি করা হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে তাঁর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নষ্ট হবে না।