tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতিন প্রতিবেশী দেশ একদিন ভারতের অংশ হবে, দাবি রামদেবের

তিন প্রতিবেশী দেশ একদিন ভারতের অংশ হবে, দাবি রামদেবের

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন পুনরায় ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ নিয়ে ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ছত্তীসগড়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রামদেব। তাঁর এ বক্তব্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের ওপর নিপীড়নের প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, এসব দেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচার মানবসভ্যতার ইতিহাসে বড় ধরনের নিষ্ঠুরতার উদাহরণ।

ধর্মান্তরকরণ এবং এ বিষয়ে ছত্তীসগড়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান—কোনো ধর্মই বিপন্ন নয়। তাঁর মতে, বরং দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করাই এখন গুরুত্বপূর্ণ।

সনাতন ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, সনাতন সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোনো মৌলিক ত্রুটি নেই। সমাজের কিছু মানুষের বিকৃত মানসিকতার কারণে বৈষম্য তৈরি হয়েছে। ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ অনুসরণ করলে ধর্মান্তরকরণের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ভারতের ভবিষ্যৎ নিয়েও নিজের আকাঙ্ক্ষার কথা জানান রামদেব। ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র ও অন্যতম শীর্ষ অর্থনীতিতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভারতীয় রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমপর্যায়ে নেওয়া এবং ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার লক্ষ্য তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর সমান মর্যাদা ভারত অর্জন করবে—এমন আশাবাদও জানান রামদেব।