যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্পের কর্মকাণ্ডে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিনি, বিপরীতে ৬৪ শতাংশই অসন্তোষ প্রকাশ করেছেন।
চলতি মাসের শুরুতে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। নতুন এই হার তাঁর দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন এবং ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথম মেয়াদসহ সর্বনিম্ন পর্যায়ের সঙ্গে মিলে গেছে।
জনসমর্থন কমার পেছনে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং এর প্রভাবে জ্বালানি ও পেট্রোলের দাম বেড়ে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও মার্কিন নাগরিকদের বড় অংশ এখন সংঘাতের দীর্ঘায়ন নিয়ে উদ্বিগ্ন।
জরিপে ৮০ শতাংশ মার্কিনি মনে করছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। বিপরীতে মাত্র ১৬ শতাংশের ধারণা, কয়েক সপ্তাহের মধ্যেই সংঘাত শেষ হতে পারে। যুদ্ধটিকে সার্থক মনে করছেন মাত্র প্রতি পাঁচজনের একজন।
সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন থাকায় এমন পরিস্থিতি রিপাবলিকানদের জন্য নতুন চাপ তৈরি করেছে। অর্থনীতি পরিচালনায় এবার প্রায় এক দশকের মধ্যে প্রথমবার ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন ভোটাররা। জরিপে ৩৮ শতাংশ ভোটার বলেছেন, অর্থনীতি সামলাতে ডেমোক্র্যাটরা বেশি সক্ষম; রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ।
অভিবাসন নীতিতেও রিপাবলিকানদের দীর্ঘদিনের সুবিধা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বিষয়ে রিপাবলিকানদের পক্ষে ৪০ শতাংশ এবং ডেমোক্র্যাটদের পক্ষে ৩৮ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। অর্থাৎ ব্যবধান নেমে এসেছে মাত্র দুই শতাংশে, যেখানে ২০২৫ সালের জানুয়ারিতে রিপাবলিকানদের ব্যবধান ছিল ২৬ শতাংশ।
রয়টার্স/ইপসোসের এই জরিপে ১ হাজার ১৬৬ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের ফলাফলে ভুলের সম্ভাব্য সীমা প্রায় ৩ শতাংশ পয়েন্ট।



