tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটির একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এবং নিহতদের একজন—দুজনই জেসুইট পরিচালিত ওই বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।

গুলির ঘটনার পর পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

নিহত ও আহতদের পরিচয় এবং সন্দেহভাজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি