রান্নায় মসলা হিসেবে আদার ব্যবহার বহুদিনের। খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি আদায় থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন সক্রিয় উপাদানের কারণে এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবেও বিবেচিত হয়। পরিমিত পরিমাণে নিয়মিত আদা খেলে এক মাসে শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
বমিভাব কমতে পারে
বমিভাব কমাতে আদার ব্যবহার বেশ পরিচিত। বিভিন্ন ধরনের বমিভাব ও বমির প্রবণতা কমাতে আদার সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণাও হয়েছে। নিয়মিত খাবারের সঙ্গে পরিমিত আদা খেলে অনেকের পেটের অস্বস্তি ও বমিভাব কমতে পারে।
হজমে মিলতে পারে স্বস্তি
আদা হজমপ্রক্রিয়াকে সহায়তা করতে পারে। পাকস্থলী থেকে খাবার দ্রুত অন্ত্রে পৌঁছানোর প্রক্রিয়ায় এর ভূমিকা থাকতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়। এ কারণে পেট ফাঁপা, গ্যাস ও বদহজমের মতো অস্বস্তি কিছুটা কমতে পারে।
কিছু ব্যথা ও প্রদাহ কমাতে সহায়ক
আদায় থাকা জিঞ্জেরলসহ কয়েকটি যৌগের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। নিয়মিত আদা খাওয়ার ফলে প্রদাহজনিত কিছু প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। পেশির ব্যথা ও মাসিকের সময়ের ব্যথা কমাতেও আদার সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা রয়েছে।
কোষ্ঠকাঠিন্যে উপকার হতে পারে
হজমপ্রক্রিয়ার পাশাপাশি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমেও আদা সহায়ক হতে পারে। ফলে নিয়মিত ও পরিমিত পরিমাণে আদা খেলে কিছু মানুষের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।
রক্তে শর্করা ও কোলেস্টেরলে সম্ভাব্য প্রভাব
কিছু গবেষণায় আদা নিয়মিত খাওয়ার সঙ্গে রক্তে শর্করা ও রক্তের চর্বির মাত্রায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে শুধু এক মাস আদা খেলেই ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসবে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট প্রমাণ নেই। এসব সমস্যা নিয়ন্ত্রণে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।
যেভাবে খেতে পারেন
আলাদা করে কাঁচা আদা চিবিয়ে খাওয়ার প্রয়োজন নেই। চা, স্যুপ, তরকারি, স্মুদি কিংবা অন্যান্য খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে আদা যোগ করা যায়। আদার ঝাঁঝালো স্বাদ ও গন্ধ তীব্র হওয়ায় নিজের সহনশীলতা অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা ভালো।
তবে নিয়মিত এক মাস আদা খেলেই সবার শরীরে একই ধরনের পরিবর্তন হবে, এমন নিশ্চয়তা নেই। আদা দৈনন্দিন খাবারের একটি অংশ হিসেবে হজমে সহায়তা, বমিভাব কমানো এবং কিছু প্রদাহজনিত অস্বস্তি কমাতে ভূমিকা রাখতে পারে। এটি কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়।



