শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
এদিকে চেয়ারম্যানের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে তাঁর একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান জানান, অধ্যাপক মোবাশ্বের মোনেম বর্তমানে বিশ্রামে রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
এর আগে ২০২৪ সালের আন্দোলনের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। পরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তাঁর পদত্যাগের ফলে পিএসসির চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য হলো।



