বরিশালের গৌরনদীতে দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা সাবেক দুই ছাত্রদল নেতা মো. জাফর ইকবাল ও কেএম আনোয়ার হোসেন বাদলকে উপজেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
দলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর মূল দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন জাফর ইকবাল। ১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার ছাত্র রাজনীতিতে প্রবেশ। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গৌরনদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। একই সময়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি ওই কলেজের ভিপি নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এবার উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেলেন তিনি।
দলের সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপজেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সাবেক এই দুই ছাত্রনেতার নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



