রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাধিক শিক্ষকের কাছে ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও বিপুল অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। সর্বশেষ নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেনের (শাবিন শাহরিয়ার) কাছে ফোন করে কারাগারে থাকা কয়েকজন কর্মীর জামিনের খরচ বাবদ অর্থ দাবি করা হয়েছে।
অধ্যাপক শাহরিয়ার জানিয়েছেন, এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সম্প্রতি তিনি মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ‘সর্বহারা পার্টির’ পরিচয়ে এক ব্যক্তি একাধিকবার ফোন করে তাকে চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে একটি অডিও কল রেকর্ড দেশ রূপান্তরের হাতে এসেছে। অধ্যাপক শাহরিয়ার ওই রেকর্ডের কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রায় ৫ মিনিট ৪২ সেকেন্ডের ওই অডিওতে ফোনদাতাকে অধ্যাপক শাহরিয়ারের কাছে অর্থ সহযোগিতা চাওয়ার পাশাপাশি হুমকিসূচক বক্তব্য দিতে শোনা যায়। ফোনদাতা দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর খুলনা ও রাজশাহী বিভাগে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো তাদের কথা না শোনা বা তাদের ‘সম্মান’ না করা।
ওই ব্যক্তি বলেন, তাদের কয়েকজন কর্মীকে ‘ফ্যাসিবাদের সময়’ কারাগারে রাখা হয়েছিল। তাদের জামিনের জন্য একটি বৈঠকে অর্থের ব্যবস্থা করা হয়েছে এবং আরও ৪৫ লাখ টাকা বাকি রয়েছে। ওই অর্থের অংশ হিসেবে অধ্যাপক শাহরিয়ারের কাছে সহযোগিতা চাওয়া হয়।
ফোনদাতা বলেন, ‘আমাদের পাঁচটা ছেলের জামিনের জন্য যে অর্থটুকু আছে, সেই অর্থটুকু… আপনার একটু সহযোগিতা, সহানুভূতি করতে হবে।’
এর জবাবে অধ্যাপক শাহরিয়ার নিজের ঋণগ্রস্ততার কথা জানিয়ে বলেন, এ মুহূর্তে তার পক্ষে এত অর্থ দেওয়া সম্ভব নয়।
তখন ফোনদাতা তাকে উদ্দেশ করে বলেন, তিনি চাইলে পুলিশ, প্রশাসন, র্যাব ও গোয়েন্দা সংস্থাকে নিয়ে তাদের ‘চ্যালেঞ্জ’ করতে পারেন। তবে এরপরই হুমকির সুরে বলা হয়, ‘জলে বাস করে কখনো কুমিরের সঙ্গে লড়াই করা যায় না।’
ফোনদাতা আরও বলেন, ‘ভাই হিসেবে আপনি কতটুকু করবেন, আপনার সাধ্য থেকে সেটা বলবেন।’ একই সঙ্গে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ না করে অধ্যাপক শাহরিয়ারের কাছ থেকেই তিনি কত টাকা দিতে পারবেন, তা জানতে চান।
একপর্যায়ে ফোনদাতা বলেন, ‘আমরা আপনার বাসায় লেটার নিয়ে কর্মীদের পাঠাইয়া রাতে আঁধারে ঘুমাইয়া আছেন, আপনার মাথায় রিভলবার ধইরা বলেন নাই যে, দাদা ফোন করবে, এত লাখ টাকা আপনি ম্যানেজ রাখবেন। এটা কিন্তু এখনও আপনার সঙ্গে করি নাই।’
অর্থাৎ, এখন পর্যন্ত সরাসরি অস্ত্রের মুখে টাকা দাবি করা হয়নি—এ কথা জানিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, এমন ইঙ্গিতও দেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে অধ্যাপক শাহরিয়ার জানতে চান, অর্থ কীভাবে দিতে হবে। জবাবে ফোনদাতা বলেন, তিনি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবেই অর্থ দিতে পারবেন। এ সময় তিনি অধ্যাপকের কাছে কত টাকা দেওয়া সম্ভব, তা জানতে বারবার চাপ দিতে থাকেন।
ফোনদাতা অধ্যাপক শাহরিয়ারের অবস্থান সম্পর্কেও জানতে পারেন। তিনি কোথায় আছেন—এমন প্রশ্নের পর ফোনদাতা বলেন, ‘আপনি তো নাট্যকলা বিভাগে আছেন রাজশাহীতে।’ এরপর তিনি বলেন, ‘আপনার পেশাতেই আপনাকে ফোন দিয়েছি।’
কথোপকথনে অধ্যাপক শাহরিয়ার কয়েকবার সময় চেয়ে নেন। তিনি জানান, শিক্ষক হিসেবে তার কাছে সবসময় অর্থ থাকে না এবং বিষয়টি নিয়ে তাকে ভাবতে হবে।
জবাবে ফোনদাতা বলেন, তাকে ইতোমধ্যে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এরপর আবারও জানতে চান, অধ্যাপক শাহরিয়ার কত টাকা সহযোগিতা করতে পারবেন।
মাদারীপুর থেকে কলের তথ্য
ভিন্ন একটি সূত্র জানিয়েছে, পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় ফোনকলটি মাদারীপুর থেকে করা হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হুমকি দেওয়া ব্যক্তিরা জামিনে বের হয়ে পরবর্তী সময়ে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেক ভুক্তভোগী শিক্ষক আনুষ্ঠানিকভাবে মামলা করতে আগ্রহী নন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক চাঁদা দাবি ও হুমকির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ফোনকলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
তবে অডিও রেকর্ডে যে ব্যক্তি নিজেকে ‘সর্বহারা পার্টির’ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, তার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে চাঁদা দাবির সঙ্গে কারাগারে থাকা ব্যক্তিদের জামিনের বিষয়টির কোনো আনুষ্ঠানিক সত্যতাও নিশ্চিত হওয়া যায়নি।



