tanaka
প্রচ্ছদঅন্যান্যভারত মনে করছে বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র পথ: বিবিসি

ভারত মনে করছে বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র পথ: বিবিসি

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের সময় তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। একই সঙ্গে স্থগিত করা হয় জাতীয় পরিচয়পত্রের নম্বর।

এরই মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে শেখ হাসিনার।

এ পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং তাঁর সম্ভাব্য দেশে ফেরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি শুধু বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক সরকারপ্রধানকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা শুনতে হচ্ছে দিল্লিকে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে পারলে ভারতের জন্য সেটি সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত। অতীতে এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির আলোচনা হলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।

অন্যদিকে, বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ। তাঁদের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া দলটির রাজনৈতিক পুনর্গঠনের পথও কঠিন।

বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথম শর্ত: সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তন

ভারতের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমেই করতে হবে বলে মনে করছে দিল্লি।

এ প্রত্যাবর্তন আকাশপথে কিংবা স্থলপথে—দুইভাবেই হতে পারে। বাংলাদেশ চাইলে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তাঁকে হস্তান্তরের ব্যবস্থাও হতে পারে। এ ধরনের প্রত্যাবর্তনের জন্য ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শর্ত: আপিল ও নতুন করে বিচারের নিশ্চয়তা

ভারতের দ্বিতীয় শর্ত হলো, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দিতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর নিশ্চয়তাও চাইছে দিল্লি।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যাতে এ দাবি বিবেচিত না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থান নিতে চাইছে ভারত। এ কারণেই প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন দেশটির কর্মকর্তারা।

বিবিসির প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কখনোই জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না।’ বরং শেখ হাসিনা যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ভারত।

একই সঙ্গে বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে রাখার বিষয়টিও ভারত গুরুত্ব দিতে চাইছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

বিবিসির তথ্য অনুযায়ী, এই দুটি শর্তের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি। ফলে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগের পাশাপাশি প্রত্যাবর্তন প্রশ্নটিও নতুন করে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।