tanaka
প্রচ্ছদজাতীয়মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমান মুক্তাদিরের

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমান মুক্তাদিরের

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না করা এবং বিএনপির বিরুদ্ধে তাঁর চাঁদাবাজির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি দাবি করেছেন, হামলার পরপরই তিনি থানায় গেলেও তখন তাঁর মামলা নেওয়া হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন সালমান মুক্তাদির। খবর বিবিসি বাংলার।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হামলার ঘটনা নিয়ে ফেসবুকে অভিযোগ করলেও সালমান মুক্তাদির থানায় মামলা করেননি কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে তাঁর চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির দাবি করেন, হামলার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান। তাঁর ভাষ্য, অনেক মানুষকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে তিনি ভোর পর্যন্ত অবস্থান করলেও তখন তাঁর মামলা নেওয়া হয়নি।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর দাবি, হামলার রাতেই তিনি লোকজনকে সঙ্গে নিয়ে ক্যান্টনমেন্ট থানায় যান এবং রাত ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে দীর্ঘ সময় অপেক্ষা করে ক্লান্ত হয়ে তিনি বাসায় ফিরে যান।

সালমান মুক্তাদির আরও বলেন, সকালে তাঁর ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে মন্তব্য করেন। তাঁর দাবি, রোববার দুপুরে পুলিশ তাঁর মামলা গ্রহণ করে।

মামলা আগে কেন হয়নি—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেন, মামলা আগে নেওয়া হয়নি কেন, সেই প্রশ্ন তাঁর এবং দেশবাসীর পক্ষ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা উচিত।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। তবে তাঁর এই অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।