tanaka
প্রচ্ছদসারাদেশরাঙ্গুনিয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলায় আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলায় আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকৌশলী ওসমান গনিকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. আলমগীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলানা গ্রামের তমাছ উদ্দীনের বাড়ির মৃত কালাবালির ছেলে।

পুলিশ ও মামলার বাদীপক্ষের তথ্য অনুযায়ী, আলমগীরের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২২ মার্চ রাতে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ওসমান গনির বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলার সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে ওসমান গনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়।

এজাহারে ৬ নম্বর আসামি হিসেবে থাকা আলমগীরের বিরুদ্ধে ওসমান গনির মায়ের দুই হাঁটুতে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি বর্তমানে জামিনে রয়েছেন। বাকিরা পলাতক। আলমগীরই এ মামলায় গ্রেফতার হওয়া প্রথম আসামি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আলমগীরের নিজ বাড়িতে আসার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মামলার বাদী ওসমান গনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। মুঠোফোনে তিনি অভিযোগ করেন, হামলার সময় আলমগীর প্রকাশ্যে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন। এর আগে জনসমাগমের মধ্য থেকে তাকে অপহরণের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ওসমান গনি।