tanaka
প্রচ্ছদরাজনীতি‘সাপকে বিশ্বাস করা যায়, জামায়াতকে নয়’—নারায়ণগঞ্জে ফজলুর রহমান

‘সাপকে বিশ্বাস করা যায়, জামায়াতকে নয়’—নারায়ণগঞ্জে ফজলুর রহমান

জামায়াতে ইসলামীকে নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, জামায়াতের আমির বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি জামায়াতের প্রতি কঠোর মন্তব্য করে বলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।’

রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখতে হলে দলের নেতাকর্মীদের আচরণে পরিবর্তন আনতে হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার প্রভাব দেখানো থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ এসব বিষয়ে সচেতন বলেও মন্তব্য করেন।

নিজেদের ভুলের কথাও স্বীকার করে তিনি বলেন, গত দুই বছরে বিএনপির কিছু ভুল হয়েছে। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের আত্মসমালোচনা করার আহ্বান জানান তিনি।

তারেক রহমানের প্রশংসা করে ফজলুর রহমান বলেন, তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান এবং মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশের আগে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন।