শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে তাদের মাধ্যমে বড় ধরনের দুর্নীতি ও দেশের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবির আয়োজিত ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে শিক্ষার্থীরা মেধার পরিচয় দিয়েছে। তবে শুধু ভালো ফল করলেই হবে না, একই সঙ্গে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা সামনে উচ্চমাধ্যমিকে পড়বে, বিশ্ববিদ্যালয়ে যাবে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করবে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের কোনো ক্ষতি না হয়—এমন অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, শিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়া ব্যক্তিদের কেউ কেউ পরবর্তী সময়ে দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। তাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। যারা বাংলাদেশকে ধারণ করে, দেশের জন্য স্বপ্ন দেখে এবং দেশ গঠনের মানসিকতা রাখে, তারা দায়িত্ব পেলে দেশের চেহারা বদলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তাদের জীবনযাপন ও কর্মকাণ্ড যেন সমাজের মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। মানুষের বেঁচে থাকা তখনই অর্থবহ হয়, যখন তার জীবন সমাজ ও দেশের উপকারে আসে।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



