রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের ‘রাষ্ট্র ও জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, এ ধরনের অপরাধে জড়িতদের কোনো দলীয় পরিচয় নেই। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি উপাচার্যকে তার চেয়ারে বসিয়ে দেন। পরে উপাচার্যের সঙ্গে চা-চক্রেও অংশ নেন তিনি।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘অপরাধীদের কোনো দল নেই। তাদের কোনো দলীয় পরিচয়ও নেই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছনা করা কোনোভাবেই কাম্য নয়।’
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর দেখতে চান না বলেও জানান তিনি।
সাক্ষাৎকালে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।



