tanaka
প্রচ্ছদসারাদেশ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

  1. দীর্ঘ ১৭ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা মাত্র দুই-এক মাসে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে মৃত কনিকা মণ্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি স্বজনদের সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সরকার অত্যন্ত ব্যথিত।

    তিনি বলেন, বিষয়টি জানার পরই ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

    এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, পুলিশ সুপার মো. সামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।