পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে কৌশলে ফাঁদে ফেলে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভান্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সিদ্ধান্তে সজীবের বিরুদ্ধে বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে একই দিন বিকেলে ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্য দুজন হলেন মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।
পুলিশ সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্না (৩৪) হানি ট্র্যাপের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাকে ফাঁদে ফেলার পর মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিওকে হাতিয়ার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীব চাপরাশিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ ও সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার জানান, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সব দিক বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



