মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার আগে দ্রুত শক্তি বাড়াচ্ছে ক্রান্তীয় ঝড় সাইমন। ঝড়টি শক্তিশালী হ্যারিকেনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সতর্ক করেছে, এর প্রভাবে উপকূলীয় এলাকায় ধ্বংসাত্মক বাতাস, প্রাণঘাতী বন্যা ও বিপজ্জনক জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।
বর্তমানে ঝড়টি মেক্সিকোর মানজানিলো শহরের দক্ষিণে অবস্থান করছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেশটির দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর আগেই সাইমন ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালী হ্যারিকেনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ পরিস্থিতিতে মানজানিলো থেকে পুন্তা মিতা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে হ্যারিকেন সতর্কতা জারি করা হয়েছে।
সাইমনের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে মিচোয়াকান, কোলিমা ও জ্যালিসকো রাজ্যের পার্বত্য এলাকাগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি উপকূলজুড়ে বড় ও শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি এবং বিপজ্জনক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
এর আগে গত মাসে হ্যারিকেন পলোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোও নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। সাইমনের সম্ভাব্য আঘাত ও বিরূপ আবহাওয়ার কারণে এসব অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স



