tanaka
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

সুস্থ জীবনযাপন, পরিবেশবান্ধব যাতায়াত এবং নগরবাসীর জন্য নিরাপদ সাইক্লিংয়ের সুযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শুক্রবার সকালে পতেঙ্গার বিমানবন্দর সড়কে ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বাহন নয়, নিয়মিত সাইক্লিং শরীর সুস্থ রাখারও কার্যকর একটি মাধ্যম। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ নিয়মিত সাইকেলে কর্মস্থলে যাতায়াত করেন। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব হওয়ায় নগরজীবনে সাইক্লিংয়ের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, নাগরিকদের জন্য নিরাপদ ও নির্দিষ্ট সাইকেল চলাচলের ব্যবস্থা করা সরকারের দায়িত্বের অংশ। চট্টগ্রাম নগরীতে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ সম্প্রসারণে মেয়রের নেওয়া উদ্যোগ প্রশংসনীয়।

অর্থমন্ত্রী আরও বলেন, বিমানবন্দর সড়কের সাইকেল ট্র্যাকটি কেবল একটি সূচনা। নগরীর অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা দরকার। এসব সুবিধা মানুষকে শরীরচর্চা, বিনোদন এবং দৈনন্দিন যাতায়াতে আরও উৎসাহিত করবে।

নগরবাসীর জন্য হাঁটার জায়গা, সাইকেল চালানোর পথ ও উন্মুক্ত স্থান তৈরি করাকে কোনো বিলাসিতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আমির খসরু বলেন, এগুলো মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের মৌলিক প্রয়োজনের অংশ। মানুষকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে নগরীর খালের দুই পাড়সহ সম্ভাবনাময় স্থানগুলোতে হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নাগরিক সুবিধা বাড়ানোর এই কার্যক্রমে নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিমানবন্দর সড়কের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবেই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। এর ফলে নগরীর যোগাযোগ ও নাগরিক সুবিধায় নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে।

সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ চট্টগ্রাম নগরীর জন্য গর্বের বিষয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকের সঙ্গে হাঁটার পথও রাখা হয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিত সবুজায়ন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিমানবন্দর সড়কটিকে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।