tanaka
প্রচ্ছদসারাদেশপাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। একই সময়ে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বর্তমানে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় রয়েছে। ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অঞ্চল থেকেও এ বায়ু সরে যেতে পারে।

শুক্রবারের পূর্বাভাস: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার: রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার: দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার: চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।