৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত গুগল ফর্ম এখনো পূরণ না করা প্রার্থীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ফর্মটি জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষাসংক্রান্ত গুগল ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের বিলম্বের কারণ উল্লেখ করে আগামী ১২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফর্মটি পূরণ ও জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দেওয়ার বিষয়ে প্রার্থীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে পিএসসি।
এদিকে, নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।



