মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা জানিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
২০ অক্টোবর রাত ৯টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিকুল ফজল আনসারীর একটি ছবি সংযুক্ত করে তিনি লেখেন—
**”কিছু মানুষ থাকেন, যাদের কথা মনে পড়লে হৃদয়ে শ্রদ্ধা আর প্রেরণার ঢেউ জেগে ওঠে। মুশফিকুল ফজল আনসারী ভাই আমার কাছে তেমনই একজন। তাঁর জীবন, কাজ, ব্যক্তিত্ব—সবকিছুতেই আছে এক অনন্য দীপ্তি।
সাংবাদিকতা দিয়ে যাত্রা শুরু, তরুণ বয়সে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব। এরপর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে গেছেন সুনামের সঙ্গে। সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছেন, আপস না করে নিজের অবস্থান অটুট রেখেছেন।
যখন অনেকেই চুপ থেকেছেন, তখন তিনি ওয়াশিংটন ডিসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে নির্ভয়ে উচ্চারণ করেছেন দেশের মানুষের দুঃখের কথা। সাংবাদিকতার কারণে দীর্ঘদিন বিদেশে (নির্বাসিত) থাকতে হয়েছে; পরিবারও ভোগ করেছে নানা দুর্ভোগ। তবুও তিনি মানবাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অকুতোভয়ে কলম চালিয়ে গেছেন।
তাঁর ভেতরে যে আত্মবিশ্বাস ও নৈতিকতা আছে, তা খুব কম মানুষেই দেখা যায়। তিনি বারবার প্রমাণ করেছেন—সৎ থাকা সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।
তিনি শুধু একজন রাষ্ট্রদূত নন—তিনি একজন যোদ্ধা, একজন আলোকিত মানুষ, যিনি নীতির সঙ্গে কোনোদিন আপস করেননি।
আমি সৌভাগ্যবান, যে তাঁকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি।
তিনি নিঃশব্দে প্রমাণ করেছেন—একজন মানুষও পরিবর্তনের পথ তৈরি করতে পারে, যদি সে নীতিতে অবিচল থাকে। তাঁর দৃঢ়তা, বিনয়, আর গভীর দেশপ্রেম সত্যিই অনন্য।
ভাই, আপনার প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধা ও শুভকামনা।”**



