নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলাধুলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনি (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, জিদনির শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ লামিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও জানান, সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরের তুলনামূলক কম অংশ দগ্ধ হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে। ওই সময় কয়েকজন ছাত্রী সেখানে খেলাধুলা করছিল। হঠাৎ পাশের বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদের ওপর আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়।



